নাটোরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩

নাটোরের লালপুরে বালুবোঝাই ট্রাক ও যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৭টার দিকে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-উপজেলার ছোটবাতকয়া গ্রামের জোহা মাস্টারের ছেলে জাহিদুল ইসলাম (৫০), একই গ্রামের সেকেন্দার আলীর ছেলে মনির হোসেন (২৭) এবং স্থানীয় বাসিন্দা বাবুল (৩৫)।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে যাত্রী নিয়ে একটি ইজিবাইক লালপুর থেকে ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে নবীনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান।
দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বাড়িতে ঢুকে পড়ে। তবে এ সময় ট্রাকচালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। আহতদের মধ্যে ইজিবাইক চালক রাব্বি (২২), যাত্রী মিঠুন সাহা (৩৫) ও মজনু (৪০)-কে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া যাত্রী রাজিব (৩৫)-কে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুর্ঘটনায় জড়িত গাড়ি দুটিও জব্দ করা হয়েছে। পলাতক ট্রাকচালক ও তার সহকারীকে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।
ভিওডি বাংলা/জা







