ঈদ ছুটি শেষে সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী

শেষে হলো ঈদুল ফিতরের ছুটি। এতে আবারও কর্মচঞ্চল হয়ে উঠেছে সচিবালয়। ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে সকাল থেকেই সচিবালয়ে অফিসে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৯টায় সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের শুরুতেই তিনি দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন এবং ব্যস্ত সূচি অনুযায়ী বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করেন।
জানা গেছে, সকালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, চলমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়।
এরপর বেলা ১১টায় রাজধানী ঢাকার দীর্ঘদিনের সমস্যা যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে একটি বিশেষ বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী। দুপুরে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি এবং প্রবাসী কল্যাণ বিষয়ক কমিটির অগ্রগতি পর্যালোচনা সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।
বিকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম পর্যালোচনা এবং মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এদিকে, ঈদের ছুটি শেষে সরকারি অফিস, ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানেও স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। কর্মকর্তা-কর্মচারীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলির মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।
উল্লেখ্য, গত ২১ মার্চ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদুল ফিতর উদযাপিত হয়। এ উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সাতদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছিল সরকার।
ভিওডি বাংলা/জা







