• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জেনে নিন ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া

নিজস্ব প্রতিবেদক    ২০ মার্চ ২০২৬, ০৫:৪৬ পি.এম.
ছবি: সংগৃহীত

বৃষ্টিতে কি ভিজে যাবে ঈদের জামা? বৃষ্টিতে কি ভেসে যাবে ঈদের খুশি? নাকি ঝলমলে রোদে ঈদ হাসবে, নতুন পোশাকে হাসবে আবাল বৃদ্ধ বনিতা- শুক্রবার (২০ মার্চ) দিনভর বৃষ্টি হওয়ায় এ প্রশ্নই নগরবাসীর মনে বারবার জেগে উঠছে। 

ঈদের দিন শনিবার (২১ মার্চ) ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগে বজ্রসহ বৃষ্টির সঙ্গে থাকতে পারে কালবৈশাখীর তাণ্ডব। এ তথ্য জানিয়ে আবহাওয়া অধিদফতর বলছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে।

লঘুচাপের প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনার কথাও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) দুপুরে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া সতর্কবার্তায় বলা হয়েছে, ঢাকাসহ দেশের ১২ জেলার ওপর দিয়ে শুক্রবার দিনগত রাত ১টার মধ্যে ৮০ কিলোমিটার এবং আরও ৩ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেড়ে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এসব এলাকার নদীবন্দরের জন্য সতর্ক এবং নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

আরো জানানো হয়, রাত ১টার মধ্যে ঢাকা, যশোর, খুলনা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, নোয়াখালি, কুমিল্লা, রাঙামাটি এবং চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশিচম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় (৬০-৮০) কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
 
এছাড়া ময়মনসিংহ, টাঙ্গাইল এবং সিলেট অঞ্চলের ওপর দিয়েও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
 
এদিকে ভোর থেকে আকাশ মেঘলা, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার দ্রুত পরিবর্তন হয়। সকাল ১০টার দিকে আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায় এবং শুরু হয় ধূলিঝড়। পরে দমকা হাওয়ার সঙ্গে বিভিন্ন এলাকায় ঝড়ো বৃষ্টি শুরু হয়ে সময়ের সঙ্গে তা তীব্র আকার ধারণ করে। একই সঙ্গে ছিল বিকট শব্দে বজ্রপাত, মুহুর্মুহু বিদ্যুতের ঝলকানি আর মেঘের গর্জনও।

ভিওডি বাংলা/আরআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দূষণে শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু আজ ‘অস্বাস্থ্যকর’
দূষণে শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু আজ ‘অস্বাস্থ্যকর’
দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস
ঢাকায় আংশিক মেঘলা, ভ্যাপসা গরমের সম্ভাবনা
আবহাওয়া অধিদপ্তর: ঢাকায় আংশিক মেঘলা, ভ্যাপসা গরমের সম্ভাবনা