রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়ের প্রভাব দেখা দিতে শুরু করেছে। ভোর থেকে আকাশ মেঘলা দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার দ্রুত পরিবর্তন হয়।
শুক্রবার (২০ মার্চ) সকাল ১০টার দিকে আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায়, কালবৈশাখী ধূলিঝড় শুরু হয়। এরপর দমকা হাওয়া ও ঝড়ো বৃষ্টির সঙ্গে বজ্রপাত এবং বিদ্যুৎ চমকানোর ঘটনা ঘটে।
ঢাকায় ঝড়ো বৃষ্টি শুরু হওয়ার পর নগরবাসী ঘরে অবস্থান করতে বাধ্য হন। ঈদের আগের দিন হওয়ায় অনেক মানুষ রাজধানী ছাড়ে এবং অনেকেই বাইরে অবস্থান করছেন। কিছু এলাকায় সকাল ১১টার দিকে ধূলিঝড়ের খবর পাওয়া গেছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে।
দেশের আকাশে কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনার কথাও আবহাওয়া পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
তাপমাত্রার দিকে নজর দিলে দেখা যায়, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
ভিওডি বাংলা/জা







