কুয়েতে ফের ড্রোন হামলা, তেল শোধনাগারে আগুন

মধ্যপ্রাচ্যে জ্বালানি স্থাপনাগুলোর ওপর হামলার ঘটনা থামছেই না। এবার কুয়েতের দ্বিতীয় একটি তেল শোধনাগারে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। এতে সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে।
কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলে অবস্থিত মিনা আবদুল্লাহ শোধনাগারের একটি কার্যকরী ইউনিটে ড্রোনটি আঘাত হানে। হামলার পরপরই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
কুয়েত নিউজ এজেন্সির বরাতে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্থাপনাটি সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে কুয়েতের মিনা আল আহমাদি শোধনাগারেও একই ধরনের ড্রোন হামলার ঘটনা ঘটে। সেখানে আগুন লাগলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এক দিনের ব্যবধানে দুটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে হামলার ঘটনায় দেশটির জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
এদিকে কাতারের রাস লাফান এবং ইরানের গ্যাসক্ষেত্রে সাম্প্রতিক হামলার ঘটনার প্রেক্ষাপটে কুয়েতের এই হামলা মধ্যপ্রাচ্যের সামগ্রিক জ্বালানি পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে। তবে এখন পর্যন্ত এই হামলার জন্য কাউকে দায়ী করা হয়নি।
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ধারাবাহিক এসব হামলা ‘জ্বালানি যুদ্ধের’ আশঙ্কা বাড়াচ্ছে, যা বৈশ্বিক বাজারে তেলের দামে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। মিনা আবদুল্লাহ ও মিনা আল আহমাদি—উভয় শোধনাগারই কুয়েতের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভিওডি বাংলা/আ







