বান্দরবানে পাহাড়ের নিচ থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

বান্দরবান শহরের মেঘলা এলাকায় পাহাড়ের নিচ থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা বান্দরবান সদর উপজেলার মেঘলা কানা পাড়া এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে মেঘলা লালমোহন বাগান তঞ্চঙ্গ্যা পাড়ার গহীন এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- রমেসিং মার্মা (৩০) ও তার চার বছর বয়সী মেয়ে বৃষ্টি মার্মা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত থেকে মা-মেয়েকে খুঁজে পাচ্ছিলেন না তাদের স্বজনরা। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা মেঘলা লালমোহন বাগান তঞ্চঙ্গ্যা পাড়ার একটি উঁচু পাহাড়ের নিচে তাদের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, স্থানীয়দের সহায়তায় মরদেহ দুটি উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা পাহাড়ের চূড়া থেকে পড়ে যেতে পারেন। তবে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে কি না-সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন ও দায়ীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে বলেন, মেঘলা এলাকা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।
ভিওডি বাংলা/জা







