জামিনে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর

সাংবাদিক আনিস আলমগীর জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার (১৪ মার্চ) দুপুর ২টা ৩৫ মিনিটে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার-২ থেকে তিনি বের হয়ে আসেন।
তিনি জানান, আনিস আলমগীরের জামিন সংক্রান্ত প্রয়োজনীয় সব কাগজপত্র এক দিন আগে কারাগারে পৌঁছায়। সেগুলো যাচাই-বাছাই শেষে শনিবার দুপুর ২টা ৩৫ মিনিটে তাকে মুক্তি দেওয়া হয়। মুক্তির পর তিনি স্বজনদের সঙ্গে কারাগার ত্যাগ করেন।
এর আগে, জিজ্ঞাসাবাদের জন্য গত বছরের ১৪ ডিসেম্বর রাতে রাজধানীর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে আনিস আলমগীরকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগে (ডিবি) নেওয়া হয়। পরদিন ১৫ ডিসেম্বর তাকে উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে তাকে পাঁচ দিন রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৫ মার্চ আনিস আলমগীরকে জামিন দেন উচ্চ আদালত।
ভিওডি বাংলা/জা







