এফডিআর থেকে টাকা তোলার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন: বিসিবি

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এফডিআর থেকে অর্থ উত্তোলনের খবর প্রচারিত হলে তা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়।
শুক্রবার (১৩ মার্চ) বিষয়টি স্পষ্ট করতে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে।
বিসিবি জানিয়েছে, এ ধরনের সংবাদ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বোর্ডের বর্তমান আর্থিক অবস্থা এবং প্রশাসনিক কার্যক্রমের সঙ্গে এর কোনো মিল নেই। সংবাদে যে দাবি করা হয়েছে, যে বোর্ড দৈনন্দিন পরিচালনা খরচ মেটানোর জন্য ব্যাংকে রাখা স্থায়ী আমানত (এফডিআর) থেকে টাকা তুলছে, তা কোনোভাবে সত্য নয়।
বিবৃতিতে আরও জানানো হয়েছে, বোর্ডের সব ধরনের খরচ সম্পূর্ণ স্বচ্ছ এবং নিয়ম অনুসারে পরিচালিত হচ্ছে। বিসিবি তাদের আর্থিক কর্মকাণ্ড এবং ব্যয় বোর্ডের নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়ার মাধ্যমে বাস্তবায়ন করে। নিয়মিত আয় যেমন বাণিজ্যিক চুক্তি, বিভিন্ন ইভেন্ট এবং অন্যান্য বৈধ উৎস থেকে আসে, তার মাধ্যমেই সব ব্যয় মেটানো হয়।
বিসিবি নিশ্চিত করেছে যে, তাদের বর্তমান সম্পদ এবং আয় যথেষ্ট হওয়ায় আর্থিক প্রতিশ্রুতি পূরণে কোনো সমস্যা নেই। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, সঠিক তথ্য ছাড়া কোনো ধরণের ভিত্তিহীন দাবিকে সমর্থন করা উচিত নয়।
ভিওডি বাংলা/জা







