• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পরিবারের ৯ জনই এখন পাশাপাশি শায়িত

বাগেরহাট প্রতিনিধি    ১৩ মার্চ ২০২৬, ০৪:০৭ পি.এম.
শেলাবুনিয়া গ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের সদস্যদের একসাথে দাফনের দৃশ্য-ছবি-ভিওডি বাংলা

বাগেরহাটের রামপালে খুলনা-মোংলা মহাসড়কের সড়ক দুর্ঘটনায় নিহত বর সাব্বিরসহ তার পরিবারের ৯ সদস্যের দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজের পর মোংলা পৌরসভার সরকারি কবরস্থানে তাদের একসাথে দাফন সম্পন্ন হয়।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, তার ছেলে বর আহাদুর রহমান সাব্বির, সাব্বিরের ভাই আব্দুল্লাহ সানি, বোন উম্মে সুমাইয়া ঐশী, ঐশীর ছেলে সামিউল ইসলাম ফাহিম, বড় ছেলে আশরাফুল আলম জনির স্ত্রী ফারহানা সিদ্দিকা পুতুল ও তাদের দুই সন্তান আলিফ এবং আরফা ও ইরাম। এছাড়া নিহতদের মধ্যে আছেন মাইক্রোবাসচালক মো. নাঈম শেখ।

নববধূ মার্জিয়া আক্তার (মিতু), তার ছোট বোন লামিয়া আক্তার, দাদি রাশিদা বেগম এবং নানি আনোয়ারা বেগমও একই দুর্ঘটনায় প্রাণ হারান। তারা খুলনার কয়রা উপজেলার নকশা গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, আব্দুর রাজ্জাকের পরিবারে মোট পাঁচ ছেলে ও এক মেয়ে ছিলেন। দুর্ঘটনায় তার দুই ছেলে, এক মেয়ে, এক পুত্রবধূ এবং চার নাতি-নাতনি নিহত হয়েছেন। এখনো জীবিত আছেন তার তিন ছেলে এবং স্ত্রী। শেলাবুনিয়া গ্রামের বাসিন্দা ফিরোজ শিকদার বলেন, “এ দুর্ঘটনায় পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে। স্বজনদের কাঁদতে কাঁদতে গ্রামের পরিবেশ ভারী হয়ে উঠেছে।”

নিহত আশরাফুল আলম জনি বলেন, “আমার সব শেষ হয়ে গেছে। স্ত্রী, সন্তান, ভাই-বোন সবাইকে হারালাম। আমি একা হয়ে গেলাম।” তিনি কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন।

বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন এবং পুলিশ সুপার হাসান চৌধুরী ঘটনাস্থল এবং নিহতদের বাড়ি পরিদর্শন করেছেন। জেলা প্রশাসক জানান, নিহত পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে। তিনি বলেন, “জেলা প্রশাসনের ত্রাণ তহবিল, জেলা পরিষদ এবং সড়ক পরিবহন আইনের ৫৪ ধারার আওতায় প্রতিটি নিহতের জন্য আর্থিক সহায়তা নিশ্চিত করা হবে। ইতিমধ্যে নিহত মাইক্রোবাসচালক মো. নাঈম শেখের পরিবারকে ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে।”

দুর্ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে খুলনার কয়রা উপজেলার নকশা গ্রামে মার্জিয়া আক্তারের সঙ্গে সাব্বিরের বিয়ে হয়। বিয়ের পর বরযাত্রীদের নিয়ে মাইক্রোবাসটি বিকেলে খুলনা-মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় পৌঁছালে নৌবাহিনীর একটি স্টাফ বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোংলার সেই বিয়ে বাড়িতে এখন এক সমুদ্র শোক, উঠোনে লাশের সারি
মোংলার সেই বিয়ে বাড়িতে এখন এক সমুদ্র শোক, উঠোনে লাশের সারি
রামপালে নববধূ মিতুসহ তিনজনের দাফন সম্পন্ন
রামপালে নববধূ মিতুসহ তিনজনের দাফন সম্পন্ন
চট্টগ্রামে ছাত্রশিবিরের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল
চট্টগ্রামে ছাত্রশিবিরের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল