প্রথম দিন ওয়াকআউট না করলেও পারত বিরোধী দল: স্পিকার

জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বিরোধী দলের ওয়াকআউট তাদের সাংবিধানিক অধিকার হলেও সংসদের প্রথম দিন এই ধরনের পদক্ষেপ না নেওয়াই সমীচীন হত।
শুক্রবার (১৩ মার্চ) সকাল ১০টা ১৫ মিনিটে সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। এসময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল চৌধুরী উপস্থিত ছিলেন। পরে তারা স্মৃতিসৌধ পরিদর্শন করেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
স্পিকার হাফিজ উদ্দিন জানান, সংসদের নিরপেক্ষতা ও মর্যাদা রক্ষার স্বার্থে তিনি ইতোমধ্যেই দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি বলেন, “সংসদে সব সদস্য সমানভাবে কথা বলার ও মত প্রকাশের সুযোগ পাবেন। আমরা চাই সংসদ কার্যক্রম আরও কার্যকর ও গণতান্ত্রিক হোক।”
তিনি আরও উল্লেখ করেন, “দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর দেশ একটি নতুন গণতান্ত্রিক পরিবেশ পেয়েছে। জনগণের প্রত্যাশা পূরণ করে একটি বৈষম্যহীন, সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলাই এখন প্রধান লক্ষ্য।” এজন্য স্পিকার সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
স্পিকার আরও বলেন, “দেশের স্বার্থে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে, যাতে কোনো স্বৈরাচারী বা মাফিয়াচক্র পুনরায় প্রতিষ্ঠিত না হতে পারে।” তিনি জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসাও প্রকাশ করেন।
এদিকে, গণপূর্ত বিভাগের সাভার জাতীয় স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন আনু জানান, স্পিকার ও ডেপুটি স্পিকারের আগমন উপলক্ষে স্মৃতিসৌধ এলাকায় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা নেওয়া হয়েছিল। নিরাপত্তার স্বার্থে সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়, পরে বেলা ১১টার পর আবার উন্মুক্ত করা হয়।
ভিওডি বাংলা/এমএস







