যান্ত্রিক ত্রুটিতে শুরুতেই বন্ধ হলো ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকারের মাইক্রোফোনে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় অধিবেশন শুরুই করতে পারেননি স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। এ সময় তিনি অল্প সময়ের জন্য বিরতি ঘোষণা করেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদ স্পিকার নির্বাচিত হয়ে শপথ নেওয়ার পর প্রথম অধিবেশনে সভাপতিত্ব করার জন্য আসেন তিনি। তবে মাইকে সমস্যার কারণে স্পিকার দুই মিনিটের জন্য সময় চান। পরে যোহরের আযানের কারণে অধিবেশন ২০ মিনিটের জন্য বিরতিতে চলে যায়।
অধিবেশনের শুরুতেই স্পিকারের মাইক্রোফোনে শব্দ বিভ্রাট এবং সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটে। সংসদ সচিবালয়ের কারিগরি দল দ্রুত মেরামতের চেষ্টা করলেও তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধান সম্ভব হয়নি।
স্পিকার অধিবেশনে যোগ দিয়ে বলেন, “এই মহান সংসদের স্পিকার নির্বাচিত করার জন্য আমি প্রতিটি সংসদ সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বর্তমানে যান্ত্রিক গোলযোগের কারণে আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না, তাই কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। মূল মাইক অকেজো থাকায় আমি হ্যান্ড মাইকে কথা বলছি। আশা করি, মূল মাইকটি শিগগিরই ঠিক হয়ে যাবে।”
তিনি আরও বলেন, “দীর্ঘ ১৭ বছর পর আমরা একটি কার্যকর সংসদ পেয়েছি। এই সংসদ গণতান্ত্রিক বক্তব্য শুনতে অভ্যস্ত, তাই কিছুটা অনভ্যস্ততা থাকতে পারে। সকাল থেকে সবকিছু ঠিকঠাক চললেও হঠাৎ এই বিপত্তি দেখা দিয়েছে।”
স্পিকার জানান, প্রকৌশলীরা জানিয়েছেন, দুই মিনিটের মধ্যেই যান্ত্রিক ত্রুটি সংশোধন হবে। তবে আযানের সময়কে সম্মান জানিয়ে তিনি অধিবেশন ২০ মিনিটের জন্য বিরতি ঘোষণা করেছেন।
ভিওডি বাংলা/জা







