• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আলুর বস্তাপ্রতি ২০ টাকা চাঁদা নেন স্বেচ্ছাসেবক দল নেতারা

বগুড়া প্রতিনিধি    ১১ মার্চ ২০২৬, ০৫:৪৭ পি.এম.
ছবি: সংগৃহীত

বগুড়ার শাজাহানপুরে স্বেচ্ছাসেবক দলের দুই নেতার বিরুদ্ধে আলুচাষি ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কৃষকদের দাবি, গত এক মাস ধরে এ চাঁদাবাজি চলছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন তারা। অভিযুক্তরা হলেন— উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আইয়ুব আলী ও সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মোমিন।

চাঁদাবাজির অভিযোগে অতিষ্ঠ হয়ে মেহেদী হাবীব আব্বাসী নামে এক কৃষক সোমবার রাতে শাজাহানপুর থানায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেন। মেহেদী হাবীব উপজেলার খরনা ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের বাসিন্দা।

কৃষকদের ভাষ্য, আলু বোঝাই ট্রাক কিংবা ট্রাকে আলু তোলার সময়, এমনকি জমিতে বস্তায় আলু ভরার সময়ও স্বেচ্ছাসেবক দলের পরিচয় দেওয়া কয়েকজন যুবক সেখানে উপস্থিত হন। পরে ট্রাক আটকে চাঁদা দাবি করা হয়। বস্তা প্রতি ২০ টাকা করে চাঁদা দিলে তবেই তাদের যেতে দেওয়া হয় বলে অভিযোগ করেন কৃষকেরা।

খোঁজ নিয়ে জানা গেছে, শাজাহানপুর উপজেলার বিভিন্ন এলাকায় অতীতেও ফসলের মাঠে গিয়ে কৃষকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ ছিল। বিশেষ করে আলুর মৌসুমে এ ধরনের ঘটনা বেশি ঘটত। স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি আবারও একই কায়দায় চাঁদা আদায়ের ঘটনা ঘটছে।

গত রোববার সন্ধ্যায় এক কৃষক আলু হিমাগারে নেওয়ার পথে উপজেলার বীরগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় কয়েকজন যুবক আলুবাহী ট্রাক আটকে চাঁদা দাবি করে। এ সময় স্থানীয় লোকজন একত্র হয়ে তাদের ধাওয়া দিলে তারা সেখান থেকে সরে যায়।

অভিযোগকারী কৃষক মেহেদী হাবীব আব্বাসী জানান, গত ৮ মার্চ সন্ধ্যা ৭টার দিকে তিনি বাড়ি থেকে আলু হিমাগারে নিয়ে যাচ্ছিলেন। পথে শাজাহানপুর উপজেলার বীরগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় রাজশাহী–বগুড়া মহাসড়কে পৌঁছালে আইয়ুব আলী, কামরুল হাসান মোমিন ও শহীদ হোসেনসহ কয়েকজন তার আলুবাহী ট্রাকের পথরোধ করেন। এ সময় তারা বস্তা প্রতি ২০ টাকা করে চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে তুলে নেওয়া এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি। পরে স্থানীয় লোকজন সেখানে জড়ো হলে অভিযুক্তরা পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী তাজনুর ইসলাম, জাহাঙ্গীর আলম আপেলসহ কয়েকজন জানান, ওই কৃষকের কাছে চাঁদা না পেয়ে তাকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। তখন স্থানীয়রা প্রতিবাদ করলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করেন।

এদিকে মঙ্গলবার বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে অভিযোগ অস্বীকার করেছেন শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আইয়ুব আলী। তিনি বলেন, তিনি কোনো চাঁদাবাজির সঙ্গে জড়িত নন এবং তার নামে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, স্থানীয় এক কৃষক আলুবাহী ট্রাকে চাঁদা দাবির অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল বলেন, দলের কেউ চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলে এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় অভিযুক্তদের বিষয়ে দলীয়ভাবে খোঁজখবর নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদারীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, প্রতিপক্ষের ঘরে আগুন
মাদারীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, প্রতিপক্ষের ঘরে আগুন
রাজবাড়ীতে গণমাধ্যমকর্মী ও সুধীজনদের নিয়ে ইফতার মাহফিল
রাজবাড়ীতে গণমাধ্যমকর্মী ও সুধীজনদের নিয়ে ইফতার মাহফিল
মধুপুরে নারীদের অধিকার সুরক্ষা-সচেতনতা বৃদ্ধিতে মতবিনিময় সভা
মধুপুরে নারীদের অধিকার সুরক্ষা-সচেতনতা বৃদ্ধিতে মতবিনিময় সভা