গোলবন্যায় জিতল আতলেতিকো ও বায়ার্ন

ইউরোপের ক্লাব ফুটবলের মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো পর্বের প্রথম লেগে দুই ম্যাচে দেখা গেল প্রায় একই চিত্র। একদিকে দুর্দান্ত পারফরম্যান্সে ইংল্যান্ডের ক্লাব টটেনহামকে বিধ্বস্ত করেছে স্পেনের আতলেতিকো মাদ্রিদ, অন্যদিকে ইতালির আতালান্তাকে গোলের বন্যায় ভাসিয়েছে জার্মানির শক্তিশালী দল বায়ার্ন মিউনিখ।
মাদ্রিদের মেট্রোপলিটানো স্টেডিয়ামে টটেনহামকে ৫–২ গোলে হারিয়েছে আতলেতিকো। ম্যাচের শুরুতেই গোলরক্ষক আন্তোনিন কিনস্কির একের পর এক ভুলে চাপে পড়ে যায় টটেনহাম।
প্রথম ১৫ মিনিটেই তিন গোল হজম করে দলটি। ম্যাচের ৬ মিনিটে কিনস্কির ভুল থেকে বল পেয়ে যান হুলিয়ান আলভারেজ। তার পাস থেকে গোল করেন মার্কোস লরেন্তে। এরপর ১৪ মিনিটে ব্যবধান বাড়ান আঁতোয়ান গ্রিয়েজমান। এক মিনিট পর আবারও কিনস্কির ভুলে সহজ গোল পান আলভারেজ।
পরিস্থিতি সামাল দিতে কিনস্কিকে তুলে মাঠে নামানো হয় গুলিয়েলমো ভিকারিওকে। কিন্তু কর্নার থেকে হেডে গোল করে ব্যবধান ৪–০ করেন রবিন লে নরমান্ড। পরে পেদ্রো একটি গোল শোধ করলেও দ্বিতীয়ার্ধে নিজের দ্বিতীয় গোলটি করেন আলভারেজ। শেষদিকে ডমিনিক সোলান্কে গোল করে ব্যবধান কিছুটা কমান।
এই জয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার পথে অনেকটাই এগিয়ে গেল আতলেতিকো মাদ্রিদ।
অন্য ম্যাচে ইতালির আতালান্তার মাঠে গোল উৎসব করেছে বায়ার্ন মিউনিখ। আতালান্তাকে ৬–১ গোলে বিধ্বস্ত করে জার্মান ক্লাবটি।
এই জয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন মাইকেল ওলিসে। তিনি দুটি গোল করার পাশাপাশি একটি গোলে সহায়তাও করেন। এছাড়া গোল করেন জোসিপ স্ট্যানিসিস, সের্জ গানাব্রি, নিকোলাস জ্যাকসন ও জামাল মুসিয়ালা।
শেষদিকে মারিও প্যাসালিচ একটি সান্ত্বনাসূচক গোল করলেও বড় পরাজয় এড়াতে পারেনি আতালান্তা। প্রথম লেগের এই বড় জয়ের ফলে কোয়ার্টার ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে বায়ার্ন মিউনিখও।
ভিওডি বাংলা/আ







