• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডিআইএর জালিয়াতি তদন্ত প্রতিবেদনে সাতক্ষীরার ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান

সাতক্ষীরা প্রতিনিধি    ৪ মার্চ ২০২৬, ০১:৪৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)-এর এক প্রতিবেদনে দেশের ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৯০ কোটি টাকার আর্থিক অনিয়মের চিত্র উঠে এসেছে। গত বছরের শেষ ছয় মাসে পরিচালিত পরিদর্শন ও নিরীক্ষায় সরকারি অর্থ আত্মসাৎ, জাল সনদে নিয়োগ এবং সরকারি জমি বেহাতের মতো গুরুতর অনিয়মের তথ্য পাওয়া গেছে।

ডিআইএর তদন্তে এই তালিকায় সাতক্ষীরা জেলার ২৫টি কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার নাম উঠে এসেছে।

রোববার (১ মার্চ) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিচালিত পরিদর্শন ও নিরীক্ষার ভিত্তিতে প্রস্তুত ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিবেদন তালিকা ডিআইএর ওয়েবসাইটের নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে।

তদন্ত প্রতিবেদনে সাতক্ষীরা জেলার ৬টি উপজেলার ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে। এসব প্রতিষ্ঠানের প্রশাসনিক ও আর্থিক অনিয়ম খতিয়ে দেখে মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

তালিকা অনুযায়ী সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ১০টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সেগুলো হলো- উলুডাংগা ওসমানীয়া দাখিল মাদ্রাসা, চন্দনপুর দাখিল মাদ্রাসা, কয়লা মাধ্যমিক বিদ্যালয়, কলারোয়া আলিয়া সিনিয়র মাদ্রাসা, কাজীরহাট কলেজ, কেঁড়াগাছি ইউনিয়ন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, বঙ্গবন্ধু মহিলা কলেজ, বাঁটরা মাধ্যমিক বিদ্যালয়, রামকৃষ্ণ সৈয়দ কামাল বখত মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়।

সাতক্ষীরা সদর উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- আলহাজ্ব মোহাম্মদ আলী দাখিল মাদ্রাসা, অ্যাডভোকেট আব্দুর রহমান কলেজ, গাভা অক্ষয় কুমার মিস্ত্রী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, গাভা আইডিয়াল কলেজ, গোদাঘাটা বারাকাতিয়া দাখিল মাদ্রাসা ও গোয়ালপোতা গাছা খড়িয়াডাংগা হরিনখোলা কানাইলাল উচ্চ বিদ্যালয়।

কালিগঞ্জ উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- গোবিন্দকাটি মাধ্যমিক বিদ্যালয়, চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠ, বাবুলিয়া জে.এস (জয়মনি শ্রীনাথ) মাধ্যমিক বিদ্যালয়, রামনগর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কিষান মজদুর ইউনাইটেড অ্যাকাডেমি।

তালা উপজেলায় ২টি শিক্ষা প্রতিষ্ঠান হলো- আইডিয়াল মহিলা কলেজ ও খলিষখালী দাখিল মাদ্রাসা। এছাড়া দেবহাটা কলেজ (দেবহাটা) ও কলবাড়ী নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয় (শ্যামনগর) রয়েছে ওই তালিকায়।

ডিআইএ জানিয়েছে, তদন্ত প্রতিবেদনের অনুলিপি সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, জেলা শিক্ষা অফিস এবং প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতির ই-মেইলে পাঠানো হয়েছে। এখন শিক্ষা মন্ত্রণালয় শুনানির মাধ্যমে দোষী শিক্ষকদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।

সাধারণত জাল সনদধারী শিক্ষক শনাক্তকরণ, এমপিওভুক্তিতে অনিয়ম, উপবৃত্তির টাকা আত্মসাৎ এবং প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ আর্থিক দুর্নীতির অভিযোগ থাকলে ডিআইএ এমন তদন্ত পরিচালনা করে। প্রতিটি প্রতিবেদনের বিপরীতে একটি সুনির্দিষ্ট স্মারক নম্বর দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়েছে।

সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলমগীর কবির বলেন, আমরা ডিআইএ’র চিঠি পেয়েছি। এতে জেলার ২৫টি কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার নাম উল্লেখ রয়েছে। কোন কোন শিক্ষক জড়িত-সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

বিষয়টি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তিনি বলেন, অতিরিক্ত বা অনিয়মের মাধ্যমে গ্রহণ করা অর্থ সরকারি কোষাগারে ফেরত দিতে হবে। সরকারের এ উদ্যোগকে আমরা স্বাগত জানাই। অনেক সময় যোগ্য প্রার্থীরা বঞ্চিত হন, আবার কেউ কেউ জাল কাগজপত্রের মাধ্যমে সুবিধা নেন। চলমান প্রক্রিয়ার মাধ্যমে এ ধরনের অনিয়ম কমবে বলে আশা করছি।

প্রতিবেদনগুলো মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, সংশ্লিষ্ট অধিদপ্তর, শিক্ষা বোর্ড, জেলা শিক্ষা অফিস, শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও প্রধানদের কাছেও পাঠানো হয়েছে।

আবেদন পাওয়ার পর তিন কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে প্রতিবেদন পাঠানো হবে বলে জানিয়েছে অধিদপ্তর। প্রয়োজনে টেলিফোনেও যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/আবদুল্লাহ আল মামুন/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী
পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী
সীতাকুণ্ডে শিশু ইরা হত্যাকাণ্ডের মূল আসামি গ্রেপ্তার
সীতাকুণ্ডে শিশু ইরা হত্যাকাণ্ডের মূল আসামি গ্রেপ্তার
তারেক রহমান দেশের জন্য আশীর্বাদ হয়ে এসেছেন: প্রিন্স
তারেক রহমান দেশের জন্য আশীর্বাদ হয়ে এসেছেন: প্রিন্স