ইউরোপে সরতে পারে ‘ফিনালিসিমা’

ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন এবং কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা-র মধ্যকার বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’ ম্যাচটি ইউরোপে সরিয়ে নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কাতারের দোহায় নির্ধারিত এই ম্যাচ আয়োজন নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় বিকল্প ভেন্যু হিসেবে ইউরোপের কয়েকটি শহর নিয়ে আলোচনা চলছে।
আগামী ২৭ মার্চ লুসাইল স্টেডিয়াম-এ স্পেন ও আর্জেন্টিনার ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন সব ধরনের ফুটবল প্রতিযোগিতা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করায় সেখানে ম্যাচ আয়োজনের সম্ভাবনা কমে গেছে।
এ পরিস্থিতিতে ইউরোপের ফুটবল সংস্থা উয়েফা এবং দক্ষিণ আমেরিকার সংস্থা কনমেবল নতুন ভেন্যু খুঁজতে আলোচনা চালাচ্ছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, লন্ডন এখন সবচেয়ে সম্ভাব্য বিকল্প হিসেবে সামনে এসেছে। যদিও ওয়েম্বলি স্টেডিয়াম-এ একই দিনে ইংল্যান্ড বনাম উরুগুয়ে ম্যাচ রয়েছে, তবুও লন্ডনের অন্যান্য বড় স্টেডিয়াম এই ম্যাচ আয়োজন করতে সক্ষম।
স্পেন ফুটবল ফেডারেশন দ্রুত সিদ্ধান্ত চায়। কারণ জুন-জুলাইয়ে উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের আগে মার্চের আন্তর্জাতিক বিরতিকে গুরুত্বপূর্ণ প্রস্তুতির সময় হিসেবে দেখা হচ্ছে।
স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে জানিয়েছেন, যত দ্রুত সম্ভব নতুন ভেন্যু নির্ধারণ করা জরুরি।
এদিকে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ খেলতে আগ্রহী হলেও স্পেন বিকল্প প্রতিপক্ষের বিষয়েও ভাবছে, যাতে আন্তর্জাতিক বিরতির সময়টি নষ্ট না হয়। কারণ এই ম্যাচের তিন দিন পরই স্পেনের আরেকটি প্রীতি ম্যাচ রয়েছে মিশরের বিপক্ষে।
সবকিছু ঠিক থাকলে কাতারের পরিবর্তে ইউরোপেই অনুষ্ঠিত হতে পারে স্পেন-আর্জেন্টিনার এই মর্যাদাপূর্ণ ‘ফিনালিসিমা’ ম্যাচ, যেখানে মুখোমুখি হওয়ার কথা বিশ্ব ফুটবলের দুই শক্তিধর দলের।
ভিওডি বাংলা/আ







