যমুনা ছাড়লেন ড. ইউনূস

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অধ্যায়ের ইতি টানলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে তিনি যমুনা ত্যাগ করে গুলশানে নিজের বাসভবনে ওঠেন বলে একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।
সূত্র জানায়, যমুনা খালি করার পর সেখানে সংস্কার ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম শুরু হবে। নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান ভবনটি অফিসিয়াল রেসিডেন্স হিসেবে ব্যবহার করবেন—এমন প্রস্তুতির অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে। ঈদুল ফিতরে বিদেশি কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের আয়োজনও সেখানে করার পরিকল্পনা রয়েছে।
বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান তার গুলশানের ব্যক্তিগত বাসভবনেই অবস্থান করছেন।
উল্লেখ্য, ড. ইউনূস ২০২৪ সালের আগস্ট থেকে যমুনায় অবস্থান করছিলেন। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শেষ হওয়ার পরও তিনি সেখানে ছিলেন। তবে নতুন সরকার গঠনের পর তিনি নিজ বাসভবনে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।
সংশ্লিষ্টদের মতে, এখন ড. ইউনূস তার ইউনূস সেন্টার ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও বেশি মনোযোগ দেবেন।
ভিওডি বাংলা/এমএস







