মন্ত্রী ফকির মাহবুব আনাম:
তরুণদের ডিজিটালে রূপান্তর, আইসিটিতে যুক্তের মহাপরিকল্পনা

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন অনুযায়ী ১০ লাখ তরুণকে আইসিটি খাতে সম্পৃক্ত করার লক্ষ্যে সরকার কাজ করছে। চাকরি ও উদ্যোক্তা সৃষ্টিসহ বিভিন্ন উপায়ে তাদের এই খাতে যুক্ত করা হবে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় টাঙ্গাইলের মধুপুর উপজেলার পৌর শহরের সাথীর মোড় থেকে মির্জাবাড়ী ৭০০ মিটার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রযুক্তি মন্ত্রী বলেন, জনগণের ইন্টারনেট সেবার মান উন্নয়নে প্রধানমন্ত্রীর নির্দেশে সরকার শুরুতেই রেলস্টেশন, বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ হাই-স্পিড এলাকায় ফ্রি ইন্টারনেট চালু করেছে। পর্যায়ক্রমে সারা দেশের বাড়ি বাড়ি ইন্টারনেট সুবিধা পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি হাইটেক পার্কগুলোতে বিদেশি বিনিয়োগ আনতে কাজ করা হচ্ছে।
তিনি বলেন, মধুপুর ও ধনবাড়ী উপজেলাকে নির্বাচনী ওয়াদা অনুযায়ী নিরাপদ ও শান্তির জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ার প্রতিশ্রুতি আমরা রক্ষা করব।
খাল খনন কার্যক্রম প্রসঙ্গে মন্ত্রী বলেন, সারা দেশে যেভাবে খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে, মধুপুর ধনবাড়ীতে তা বাস্তবায়ন করা হবে।
এছাড়া ফ্যামিলি কার্ড কার্যক্রমও শুরু হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, সব ধরনের উন্নয়ন কাজ সকলের দুয়ারে পৌঁছে দেওয়া হবে।
উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মির্জা জুবায়ের হোসেন, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, মুক্তিযোদ্ধা আব্দুস সামাদসহ বিএনপি এবং উপজেলা ও পৌর প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সড়ক উদ্বোধন শেষে মন্ত্রী মধুপুর ও ধনবাড়ী উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক করেন। বিকেলে ধনবাড়ী উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে দুই দিনের সরকারি সফর শেষ করে রাতে ঢাকায় ফেরেন তিনি। মন্ত্রিত্ব পাওয়ার পর এলাকায় এটিই ছিল তার প্রথম সরকারি সফর।
ভিওডি বাংলা/জা







