ঐক্যবদ্ধভাবে সম্বৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই: জনপ্রশাসন উপদেষ্টা

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। তিনি বলেন, “আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। এটি আমাদের নেতা তারেক রহমানের ঘোষণা। তিনি এখন কোনো দলের প্রধানমন্ত্রী নন, তিনি জনগণ ও দেশের সরকার।”
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা বলেন, “গত দেড় দশকের বেশি সময় আমরা অন্ধকার সময়কাল অতিক্রম করেছি। বিশেষ করে যারা গণতান্ত্রিক আন্দোলনে যুক্ত ছিলেন, তাদের প্রত্যেককে মামলা দিয়ে জর্জরিত করা হয়েছে। চারদিকে ছিল ভয়ভীতি। সেই ফ্যাসিস্ট রেজিমে সামাজিক নৈরাজ্য সৃষ্টি হয়েছিল। বাংলাদেশে জনপ্রশাসন, পুলিশসহ অন্যান্য সরকারি অফিসে যেভাবে দলীয়করণ করা হয়েছে, সেই ইতিহাস আপনাদের সবার জানা আছে। প্রতিটি স্তরে রাজনীতি হয়েছে। প্রতিটি সেক্টরে নৈরাজ্য সৃষ্টি হয়েছে। এক স্তরকে সরিয়ে দিলে পরের স্তরেও তারই দল। অন্তর্বর্তীকালীন সরকার সেই জঞ্জাল সরাতে পারেনি, এটি আমাদের জন্য চ্যালেঞ্জ। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নীতিমালা অনুযায়ী আমরা একটি দক্ষ, নিরপেক্ষ, মেধাভিত্তিক প্রশাসন দেশের জনগণকে উপহার দেব।”
সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আবু তারেক, অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসা, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, অ্যাডভোকেট হাছিবুর রহমান এবং বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি প্রমুখ।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর এই প্রথম লক্ষ্মীপুর সফরে যান মো. ইসমাইল জবিউল্লাহ।
ভিওডি বাংলা/এমএস







