• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাকিস্তানের প্রতিরক্ষা নিয়ে কোনো আপস করা হবে না: শেহবাজ শরিফ

আন্তর্জাতিক ডেস্ক    ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৮ এ.এম.
ছবি: সংগৃহীত

আফগান তালেবান বাহিনীর সঙ্গে সীমান্ত সংঘর্ষের পর পাকিস্তান স্পষ্ট জানিয়ে দিয়েছে—দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে কোনো আপস করা হবে না। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি পৃথক বিবৃতিতে এ অবস্থান তুলে ধরেছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দেওয়া বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় প্রতিরক্ষার বিষয়ে কোনো ধরনের সমঝোতা হবে না এবং যেকোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে শক্ত ও উপযুক্তভাবে। তিনি জানান, দেশের জনগণ ও সশস্ত্র বাহিনী জাতীয় নিরাপত্তা রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, উসকানিমূলক হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানি বাহিনী একাধিক পাল্টা অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে জঙ্গিদের অবস্থান, গুরুত্বপূর্ণ কমান্ড পোস্ট ও গোলাবারুদের ডিপো লক্ষ্যবস্তু করা হয় এবং এতে তাদের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের নেতৃত্বে সশস্ত্র বাহিনী জাতীয় চেতনায় উজ্জীবিত হয়ে দায়িত্ব পালন করছে। আধুনিক প্রশিক্ষণ ও কার্যকর প্রতিরক্ষা কৌশলের মাধ্যমে তারা অভ্যন্তরীণ ও বহিরাগত উভয় হুমকি মোকাবিলায় সক্ষম বলেও উল্লেখ করেন তিনি।

তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান শান্তিপূর্ণ অবস্থানকে অগ্রাধিকার দিলেও দেশের অখণ্ডতার প্রশ্নে কোনো ছাড় দেবে না এবং এ বিষয়ে পুরো জাতি সশস্ত্র বাহিনীর পাশে ঐক্যবদ্ধ।

একই ধরনের বক্তব্যে প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি বলেন, শান্তি চাইলেও পাকিস্তান তার ভূখণ্ডের অখণ্ডতা নিয়ে আপস করবে না। কেউ যদি শান্তির প্রচেষ্টাকে দুর্বলতা মনে করে, তবে তাকে কঠোর ও চূড়ান্ত জবাব দেওয়া হবে।

প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ অভিযোগ করেন, ন্যাটো বাহিনী আফগানিস্তান ত্যাগের পর সেখানে স্থিতিশীলতা ফিরবে বলে পাকিস্তান প্রত্যাশা করেছিল। কিন্তু তালেবান সরকার আফগানিস্তানকে ‘ভারতের প্রক্সি’তে পরিণত করেছে এবং বৈশ্বিক জঙ্গিগোষ্ঠীর জন্য নিরাপদ আশ্রয়স্থল গড়ে তুলেছে।

তিনি আরও বলেন, পাকিস্তান দীর্ঘদিন ধরে আফগানিস্তানের স্থিতিশীলতার পক্ষে কূটনৈতিক ও প্রত্যক্ষ সহায়তা দিয়ে আসছে। কয়েক দশক ধরে ৫০ লাখের বেশি আফগান শরণার্থীকে আশ্রয় দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। বর্তমানে লাখো আফগান নাগরিক পাকিস্তানে জীবিকা নির্বাহ করছেন বলেও জানান।

ধৈর্যের সীমা অতিক্রম করেছে উল্লেখ করে প্রতিরক্ষামন্ত্রী বলেন, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এখন পাকিস্তানের বাহিনী চূড়ান্ত জবাব দিচ্ছে এবং এ বিষয়ে কোনো আপস করা হবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলার চেষ্টার তীব্র নিন্দা জানিয়ে একে ‘ভয়াবহ ভুল সিদ্ধান্ত’ হিসেবে আখ্যায়িত করেন। রাতের আঁধারে হামলাকে কাপুরুষোচিত উল্লেখ করে তিনি বলেন, পাকিস্তানি বাহিনী এর জবাবে দৃঢ় ও সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিয়েছে।

তিনি সতর্ক করে বলেন, দেশের নিরাপত্তা ও নিরীহ মানুষের ওপর কোনো হুমকি সহ্য করা হবে না এবং এ ধরনের হামলার সঙ্গে জড়িতদের কঠোর পরিণতি ভোগ করতে হবে।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জেনেভায় তৃতীয় দফা যুক্তরাষ্ট্র–ইরান বৈঠকে বসছে
জেনেভায় তৃতীয় দফা যুক্তরাষ্ট্র–ইরান বৈঠকে বসছে
নিরাপত্তা ঝুঁকিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাসভবন ত্যাগ
নিরাপত্তা ঝুঁকিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাসভবন ত্যাগ
ইরানে মার্কিন হামলার আশঙ্কা, ইসরায়েলে এফ-২২ যুদ্ধবিমান মোতায়েন
ইরানে মার্কিন হামলার আশঙ্কা, ইসরায়েলে এফ-২২ যুদ্ধবিমান মোতায়েন