উইলিয়াম বি মাইলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মির্জা ফখরুল

বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ও দক্ষিণ এশিয়া বিষয়ক খ্যাতিমান কূটনীতিক উইলিয়াম বি মাইলামের মারা গেছেন। স্থানীয় সময় ১৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সেক্রামেন্টো শহরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। চলতি বছরের মার্চ মাসেও তিনি ঢাকা সফর করেছিলেন, যা ছিল তার শেষ দিকের আন্তর্জাতিক সফরগুলোর একটি।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি (বিএনপি)-এর মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর দায়িত্বে রয়েছেন। এক শোকবার্তায় তিনি মরহুম কূটনীতিকের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
শোকবার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতি, আঞ্চলিক কূটনীতি এবং বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক বিষয় সম্পর্কে উইলিয়াম বি মাইলামের গভীর জ্ঞান ও অভিজ্ঞতা ছিল। তিনি ছিলেন একজন পেশাদার ও দূরদর্শী কূটনীতিক, যিনি দায়িত্ব পালনকালে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
উইলিয়াম বি মাইলাম ১৯৬২ সালে মার্কিন পররাষ্ট্র দপ্তরে যোগ দেন। দীর্ঘ কূটনৈতিক জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ১৯৯০ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে তার নেতৃত্ব, দক্ষতা ও সক্রিয় ভূমিকা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও দৃঢ় করে।
১৯৯১ সালের ভয়াবহ ঘূর্ণিঝড় ও বন্যার পর দুর্যোগ মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা কার্যক্রম সমন্বয়ে তার ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। বিশেষ করে ‘অপারেশন সি অ্যাঞ্জেল’ কার্যক্রমের সঙ্গে তার সম্পৃক্ততা হাজারো মানুষের জীবনরক্ষায় অবদান রাখে, যা এখনো কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়।
রাষ্ট্রদূতের দায়িত্ব শেষ করার পরও তিনি বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া অঞ্চলের বিষয় নিয়ে কাজ চালিয়ে যান। নীতিনির্ধারণী আলোচনা, গবেষণা ও বিশ্লেষণধর্মী লেখালেখির মাধ্যমে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক শক্তিশালী করার প্রচেষ্টা অব্যাহত রাখেন।
অবসরের পরে উইলিয়াম বি মাইলাম যুক্তরাষ্ট্রভিত্তিক মতামতধর্মী ত্রৈমাসিক সাময়িকী সাউথ এশিয়া পার্সপেকটিভসের সম্পাদক ছিলেন। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন ‘রাইট টু ফ্রিডম’-এর প্রেসিডেন্ট ছিলেন তিনি। এ ছাড়া তিনি ওয়াশিংটন ডিসিভিত্তিক চিন্তনপ্রতিষ্ঠান উইলসন সেন্টারের সিনিয়র স্কলার ছিলেন।
ভিওডি বাংলা/জা







