• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ছোট মন্ত্রিসভায় ঠাই পাচ্ছেন যারা

রেজাউল করিম হীরা    ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৮ পি.এম.
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের পর নতুন সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যে নতুন মন্ত্রিসভা গঠন হবে। এরই মধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিএনপির নির্ভরযোগ্য একাধিক সূত্রে জানা গেছে, নবীন-প্রবীণের মিশেলে নতুন মন্ত্রিসভার আকার ছোট হবে। জাতীয় নির্বাচনে বাজিমাত করা বিএনপির মন্ত্রিসভায়ও থাকছে বড় চমক।

অভিজ্ঞ ও দক্ষদের নিয়ে ২০ থেকে ২২ সদস্যের মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেও প্রতিশ্রুতি অনুযায়ী দলের অভিজ্ঞ নেতাদের সঙ্গে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শরিক দলের নেতারাও মন্ত্রিসভায় ঠাই পাচ্ছেন । 

সূত্র আরও জানায়, দেশে-বিদেশে অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে কাজ করা দক্ষদের অর্থ ও এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হতে পারে। রাষ্ট্রপতি পদে আলোচনায় আছেন প্রবীণ ও পরীক্ষিত নেতা দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

নতুন মন্ত্রিসভায় যাদের নাম আলোচনায় আসছে তারা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সালাহউদ্দিন আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মদ, ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ ছাড়া বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টু, ড. রেজা কিবরিয়া, এহসানুল হক মিলন, সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান আসাদ, ব্যারিস্টার কায়সার কামাল, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী, যুগ্ম মহাসচিব হাবীব-উন-নবী খান সোহেল, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, শামা ওবায়েদ, রুহুল কুদ্দুস আলোচনায় আছেন।
শরিকদের মধ্যে আলোচনায় আছেন বিজেপির আন্দালিব রহমান পার্থ, জনসংহতির জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের নুরুল হক নুর, এনডিএমের 
ববি হাজ্জাজ। এছাড়া মনোনয়ন বঞ্চিতদের মধ্যে ১২ দলীয় জোটের অন্যতম শরিক 
জাতীয় পার্টির (জাফর অংশ) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দায়, ইসলামী ঐক্যজোটের মহাসচিব অধ্যাপক আব্দুল করিমসহ আরও কয়েকজন।

মন্ত্রিসভা গঠনের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, কেমন মন্ত্রিসভা হতে যাচ্ছে, তা দেখার জন্য দেশবাসীকে আর অল্প কিছু সময় অপেক্ষা করতে হবে। 

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি আসন পেয়েছে। দীর্ঘ দুই দশক পর নতুন সরকার গঠন করতে যাওয়া 
বিএনপির এই মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন, সবার নজর এখন সেদিকে।

শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, ‘সংসদ সদস্যদের শপথ খুব দেরি হলেও এটা ১৬ কিংবা ১৭ ফেব্রুয়ারির মধ্যে হবে।

মন্ত্রিপরিষদসচিব ড. শেখ আব্দুর রশীদ বলেছেন, আগামী ৩-৪ দিনের মধ্যে নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানে আনুমানিক এক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হবে। শনিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, নতুন সংসদ সদস্যদের শপথের পর সংসদীয় দলনেতা নির্বাচন করা হবে। রাষ্ট্রপতি তাকে সরকার গঠনের আহ্বান জানাবেন। দলনেতা মন্ত্রিপরিষদ বিভাগে নাম দেবেন। মন্ত্রিপরিষদ বিভাগ তাদের আহ্বান জানিয়ে চিঠি দেবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব জানান, ইতোমধ্যে মন্ত্রিপরিষদের সদস্যদের শপথের জন্য ৫০টি গাড়ি প্রস্তুত রাখতে পরিবহন পুলকে বলা হয়েছে। এই ৫০ গাড়ির মধ্যে বিলুপ্ত দ্বাদশ সংসদের কয়েকজন সদস্যের (এমপি) বিশেষ শুল্ক সুবিধায় আনা ৩০টি গাড়িও রয়েছে,যেগুলো ইতোমধ্যে রজস্ববোর্ডের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয় অধীন সরকারি পরিবহন অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। সেই ৩০টি গাড়ি বিআরটিএ রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। বর্তমানে সরকারি যানবাহন অধিদপ্তরের কাছে রয়েছে এসব গাড়ি।

ভিওডি বাংলা/ আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপির ডিজিটাল প্রচারে গুরুত্ব ‘আট কার্ডে’
বিএনপির ডিজিটাল প্রচারে গুরুত্ব ‘আট কার্ডে’
ভোগান্তির নাম জন্ম নিবন্ধন
ভোগান্তির নাম জন্ম নিবন্ধন
৬৬৯ শুন্য পদে নিয়োগে অনিয়ম, হাইকোর্টে রিট
গণপূর্ত অধিদপ্তর ৬৬৯ শুন্য পদে নিয়োগে অনিয়ম, হাইকোর্টে রিট