জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার বার্তা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ ফলাফলের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
শনিবার (১৪ জানুয়ারি) প্রেরিত এক বার্তায় প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, “ত্রয়োদশ সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বে দলের প্রার্থীরা সক্রিয় ও ব্যাপকভাবে অংশগ্রহণ করেছেন। নির্বাচন চলাকালীন দৃঢ় প্রতিদ্বন্দ্বিতা এবং ফলাফল ঘোষণার পর তা শান্তিপূর্ণভাবে গ্রহণ করার জন্য আমি আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।”
তিনি আরও বলেন, নির্বাচনী প্রচারণা থেকে ফলাফল ঘোষণার পরবর্তী সময় পর্যন্ত জামায়াতের রাজনৈতিক শিষ্টাচার, সংযম এবং কর্মীদের প্রতি শান্তিপূর্ণ আচরণের আহ্বান দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রধান উপদেষ্টা বিশেষভাবে ধন্যবাদ জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালীন গঠনমূলক সমর্থন, পরামর্শ ও সহযোগিতার জন্য।
প্রফেসর মুহাম্মদ ইউনূস বার্তায় উল্লেখ করেন, “বাংলাদেশ আজ এক গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন, মানবসম্পদ উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচারের চ্যালেঞ্জ ও সম্ভাবনার মধ্যে আমাদের গণতন্ত্রকে আরও শক্তিশালী, অংশগ্রহণমূলক ও প্রাতিষ্ঠানিকভাবে সুসংহত করতে সরকার ও বিরোধী দল-উভয়েরই দায়িত্বশীল ও নীতিনিষ্ঠ ভূমিকা অপরিহার্য।”
তিনি আশা প্রকাশ করেন যে, শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামি একটি গঠনমূলক ও দায়িত্বশীল বিরোধী শক্তি হিসেবে জাতীয় সংসদ ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করবে। নীতিগত বিতর্ক, আইন প্রণয়নে পরামর্শ, জনগণের প্রত্যাশা তুলে ধরা এবং রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি সুস্থ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠবে-এমনটাই প্রধান উপদেষ্টার আকাঙ্ক্ষা।
প্রধান উপদেষ্টা বলেন, “জাতীয় ঐক্য সুসংহত করতে আপনার অতীতের ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমার দৃঢ় বিশ্বাস। জাতীয় ঐক্যই আমাদের শক্তি।”
বার্তায় প্রফেসর মুহাম্মদ ইউনূস মহান আল্লাহ তায়ালার কাছে শফিকুর রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেন।
ভিওডি বাংলা/জা







