টেকনাফে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনি কার্যালয়ে অগ্নিসংযোগ

কক্সবাজারের টেকনাফে দাঁড়িপাল্লা প্রতীকের একটি অস্থায়ী নির্বাচনি কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোরে টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নাজিরপাড়া ফুটবল মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মো. আলম জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে নেতাকর্মীরা কার্যালয় ত্যাগ করেন। ভোরে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। সকালে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়।
খবর পেয়ে নৌবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। উপস্থিত ছিলেন ২ বিজিবির মেডিকেল অফিসার মেজর শাহাদাত হোসেন শুভ, টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।
পরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেন। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
জেলা ছাত্রশিবির সভাপতি আবদুর রহিম নুরী এলাকাটিকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানান।
ভিওডি বাংলা/ আ







