• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পঞ্চগড়ে নওশাদ জমিরের শেষ জনসভায় মানুষের ঢল

পঞ্চগড় প্রতিনিধি    ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার শেষ দিনে পঞ্চগড়-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের জনসভা জনসমুদ্রে পরিণত হয়। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর তিনটায় পঞ্চগড় সুগার মিল মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে আটোয়ারী, তেঁতুলিয়া ও সদর উপজেলা থেকে দলে দলে নেতাকর্মী ও সমর্থকরা যোগ দেন। ভিড়ে মাঠ উপচে পড়ে, আশপাশের এলাকা পর্যন্ত মানুষের ঢল নামে। অতিরিক্ত চাপের কারণে চার থেকে পাঁচ কিলোমিটারজুড়ে যানজট তৈরি হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার নওশাদ জমির বলেন, বিএনপি সরকার গঠন করলে বাংলাদেশকে আগামী ৫০ থেকে ১০০ বছর এগিয়ে নেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। শুধু পঞ্চগড়কে আধুনিক জেলা হিসেবে গড়ে তোলাই নয়, এমন উন্নয়ন করা হবে যাতে দেশ-বিদেশে বাংলাদেশকে পঞ্চগড়ের মাধ্যমে চিনে।

তিনি জানান, বিএনপি সরকারে এলে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড চালু, শিক্ষিত বেকারদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, বন্ধ পঞ্চগড় চিনিকল পুনরায় চালু, একটি বিশ্ববিদ্যালয় ও ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন এবং সদর হাসপাতাল আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হবে। তরুণদের জন্য পাবলিক লাইব্রেরি ও কর্মসংস্থানের জন্য গার্মেন্টস শিল্প স্থাপনের পরিকল্পনাও তুলে ধরেন তিনি।

পঞ্চগড়ে নওশাদ জমিরের শেষ জনসভায় মানুষের ঢল।

পাথর শ্রমিক, চা শ্রমিকসহ সব শ্রমজীবী মানুষের কল্যাণে কার্যকর উদ্যোগের আশ্বাস দিয়ে তিনি বলেন, জনগণই তাদের ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী নির্বাচন করবে। তিনি জানান, জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা, বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং তারেক রহমানের "সবার আগে বাংলাদেশ" নীতি বিএনপির রাজনীতির ভিত্তি।

সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি জাহিরুল ইসলাম কাচ্চু। বক্তব্য দেন তৌহিদুল ইসলাম, অ্যাডভোকেট নাজমুল ইসলাম কাজল, অ্যাডভোকেট আদম সুফি, এম এ মজিদ, অ্যাডভোকেট রিনা পারভীন, ব্যারিস্টার নওফেল জমির, অ্যাডভোকেট এম এ বারী, ফেরদৌস ওয়াহিদ রাসেল, নুরুজ্জামান বাবু, রেজাউল করিম শাহীন, মাহফুজার রহমান বাবু, আঞ্জুমান আরা মুক্তি, মাওলানা মনিরুজ্জামান ও সাজেদুর রহমান সাজুসহ বিএনপির বিভিন্ন নেতা।

শেষ দিনের এই বিশাল জনসমাবেশ নির্বাচনী পরিবেশকে আরও উচ্ছ্বসিত করেছে। উন্নয়নের প্রতিশ্রুতি, স্থানীয় ইস্যুগুলোকে অগ্রাধিকার এবং জনগণের প্রতি আস্থার বার্তা পঞ্চগড়ের ভোটারদের মাঝে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

শেষ দিনের এই জনসভা পুরো প্রচারণায় নতুন উদ্দীপনা যোগ করেছে। বিপুল উপস্থিতি এবং উন্নয়নভিত্তিক প্রতিশ্রুতিগুলো পঞ্চগড়ের মানুষের অপেক্ষা ও প্রত্যাশাকে আরও বাড়িয়ে দিয়েছে। এখন নজর নির্বাচনের ফলাফলের দিকে।

ভিওডি বাংলা/ স্নিগ্ধা খন্দকার নিহা/ আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তেলের কোনো সংকট নেই: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
তেলের কোনো সংকট নেই: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
তেল ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে: মির্জা ফখরুল
তেল ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে: মির্জা ফখরুল
সুজানগরের বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত
সুজানগরের বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত