• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আজ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক    ৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫২ এ.এম.
চেয়ারম্যান তারেক রহমান-ছবি-ভিওডি বাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নিজেদের নির্বাচনি ইশতেহার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের চেয়ারম্যান তারেক রহমান এ ইশতেহার ঘোষণা করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এক বার্তায় শায়রুল কবীর খান গণমাধ্যমকে জানান, আজ শুক্রবার বিকেল ৩টা ৩০ মিনিটে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে বিএনপির নির্বাচনি ইশতেহার প্রকাশ করা হবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করবেন দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।

দলীয় সূত্র জানায়, এবারের ইশতেহারে বিএনপির ঘোষিত ৩১ দফা এবং ‘জুলাই সনদ’কে মূল ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়েছে। দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বাস্তবতা বিশ্লেষণ করে এই ইশতেহার প্রণয়ন করা হয়েছে বলে দাবি দলের নেতাদের। বিশেষ করে নতুন ও তরুণ ভোটারদের প্রত্যাশা ও চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে এই দলিলে।

ইশতেহারে জনকল্যাণমূলক নানা কর্মসূচির প্রতিশ্রুতি তুলে ধরা হবে। এর মধ্যে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড এবং কৃষক কার্ড চালুর মাধ্যমে আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করার কথা উল্লেখ রয়েছে। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সংস্কার এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারণের পরিকল্পনাও অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ ছাড়া বিএনপির নির্বাচনি ইশতেহারে গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা, প্রশাসনের বিকেন্দ্রীকরণ এবং দুর্নীতি দমনে শক্তিশালী ও কার্যকর কাঠামো গঠনের রূপরেখা থাকবে। মানবাধিকার সুরক্ষা, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির বিষয়ে দলের অবস্থানও স্পষ্টভাবে তুলে ধরা হবে।

ইশতেহারে আলেম-ওলামা, কৃষক, শ্রমজীবী মানুষ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের কল্যাণে বিশেষ অগ্রাধিকারমূলক প্রতিশ্রুতি যুক্ত করা হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এই ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে দেশের বরেণ্য নাগরিকদের পাশাপাশি ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জনগণের সমর্থন দিয়ে সরকার গঠন করতে চাই: তারেক রহমান
তারেক রহমান: জনগণের সমর্থন দিয়ে সরকার গঠন করতে চাই: তারেক রহমান
গকসু ভিপি ইয়াসিন আল মৃদুলের ছাত্রদলে যোগদান
গকসু ভিপি ইয়াসিন আল মৃদুলের ছাত্রদলে যোগদান
গণভোটের কাঠামো জনগণকে পেরেশানিতে ফেলে
মুফতি আব্দুল মালেক: গণভোটের কাঠামো জনগণকে পেরেশানিতে ফেলে