• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ময়মনসিংহ-৩ আসন

বিএনপি প্রার্থীর কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি    ৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৩ (১৪৮) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, হুমকি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ করেছে বিএনপি। সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় পৌর বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল হক।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলের নির্বাহী কমিটির সদস্য এম ইকবাল হোসেইন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল ও আচরণবিধি মেনে বিএনপি প্রার্থী ও তার নেতা-কর্মীরা শান্তিপূর্ণভাবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। 

তবে অভিযোগ করে তিনি বলেন, ‘এই আসনে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান ও তার সহযোগীরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে আমাদের প্রার্থী, নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে অশালীন বক্তব্য, হুমকি ও উসকানিমূলক কথা বলে আসছেন।’

লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, গত ২৯ জানুয়ারি স্বতন্ত্র প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান তার ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে ছাত্রদল নেতা মো. মামুন আল-আমিনকে হত্যার হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। পরদিন ৩০ জানুয়ারি স্বতন্ত্র প্রার্থীর ছোট ভাই, হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত (বর্তমানে জামিনে থাকা) মাসুদ পারভেজ কার্জনও মোবাইল ফোনে একই ব্যক্তিকে হুমকি দেন বলে দাবি করা হয়। এসব ঘটনার বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা, গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ও গৌরীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

অ্যাডভোকেট নুরুল হক বলেন, এসব হুমকি ও আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় একাধিক লিখিত অভিযোগ দেওয়া হলেও এখনো কার্যকর কোনো প্রতিকার পাওয়া যায়নি। এতে বিএনপির নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিএনপি প্রার্থীকে সমর্থন জানাচ্ছেন। এই জনপ্রিয়তা দেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থী পরাজয় আঁচ করতে পেরে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে ভয়ভীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছেন বলে অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনের শেষাংশে সাংবাদিকদের উদ্দেশে অ্যাডভোকেট নুরুল হক বলেন, ‘আপনারা জাতির বিবেক। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে হুমকি-ধামকি ও সন্ত্রাসী কর্মকাণ্ড দেশবাসী ও প্রশাসনের নজরে আনবেন।’ 

একই সঙ্গে তিনি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ভূমিকা এবং সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ মোঃ হুমায়ুন কবির/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুজানগরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আরও মৃত্যু ১, আটক ১২
সুজানগরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আরও মৃত্যু ১, আটক ১২
মাদারীপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
মাদারীপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৃষকদের মাঝে সেচ সরঞ্জাম বিতরণ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৃষকদের মাঝে সেচ সরঞ্জাম বিতরণ