ব্যাংক ডাকাতদের সঙ্গে যুদ্ধে জনগণের বিজয় হয়েছে: হাসনাত আবদুল্লাহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নির্বাচনে অংশ নেওয়ার পথ শেষ পর্যন্ত বন্ধ হয়ে গেল। তার প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।
রোববার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। এর ফলে মঞ্জুরুল আহসান মুন্সী আর নির্বাচনে অংশ নিতে পারবেন না।
আপিল বিভাগের রায়ের পর বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ বিষয়ে মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, “বাংলাদেশের জনগণ বনাম ব্যাংক ডাকাত ও ঋণখেলাপিদের ফাইটে বাংলাদেশের জনগণের বিজয় হয়েছে।”
এর আগে কুমিল্লা-৪ আসনে রিটার্নিং কর্মকর্তা বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন। তবে তার বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এনে হাসনাত আবদুল্লাহ নির্বাচন কমিশনে আপত্তি জানান। এর পরিপ্রেক্ষিতে গত ১৭ জানুয়ারি নির্বাচন কমিশন (ইসি) মঞ্জুরুল আহসানের মনোনয়ন বাতিল করে।
এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে মঞ্জুরুল আহসান মুন্সী ২১ জানুয়ারি হাইকোর্টে রিট আবেদন করেন। তবে হাইকোর্ট তা সরাসরি খারিজ করে দেন। পরে তিনি আপিল বিভাগে নিয়মিত লিভ টু আপিল দায়ের করেন। সর্বশেষ রোববার আপিল বিভাগও তার আবেদন খারিজ করে দিয়ে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রাখেন।
ভিওডি বাংলা/এমএস







