• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মাহাদি আমিন:

জামায়াত আমিরের ‘এক্স’ হ্যাক দাবি কতটা যৌক্তিক?

নিজস্ব প্রতিবেদক    ১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪১ পি.এম.
মাহাদি আমিন -ছবি-ভিওডি বাংলা

বিএনপির জাতীয় নির্বাচন কমিশনের মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন রোববার (১ ফেব্রুয়ারি) বলেছেন, জামায়াতে ইসলামীর আমিরের এক্স (টুইটার) অ্যাকাউন্টে নারীবিদ্বেষী পোস্টের প্রায় ৯ ঘণ্টা পর হঠাৎ আইডি হ্যাকের দাবি তুলা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে। তিনি বলেন, “গভীর রাতে রাত ১টার দিকে হ্যাকের দাবি কতটা যৌক্তিক হতে পারে?”

রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, সাধারণত কোনো গুরুত্বপূর্ণ বা ভেরিফায়েড একাউন্ট হ্যাক হলে দ্রুত জনগণকে সতর্ক করা হয়। কিন্তু এখানে দেখা গেল, ক্ষোভ ছড়িয়ে পড়ার পর হঠাৎ হ্যাকিং দাবি করা হয়েছে।

তিনি আরও বলেন, জামায়াত আমিরের ফেসবুক একাউন্টেও এই সময়ের মধ্যে নানা পোস্ট ছিল, কিন্তু হ্যাক হওয়ার কোনো ঘোষণা ছিল না। পরবর্তীতে দেখা যায়, তারা রাত ৩:৩০ মিনিটে হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে উল্লেখ ছিল, বিকেল ৪:৫৫ মিনিটে হ্যাকের বিষয়টি জানতে পেরেছেন। মাহদী আমিন প্রশ্ন তোলেন, “প্রায় ১২ ঘণ্টা পরে কেন জিডি করা হলো? এবং হ্যাক হওয়ার ঘোষণার কিছুক্ষণ পরে সেই একাউন্ট ফিরে পাওয়ার দাবিটিও কতটা বিশ্বাসযোগ্য?”

মাহদী আমিন স্পষ্টভাবে বলেন, বিএনপি সবসময় নারীদের ব্যক্তিগত স্বাধীনতা, সম্মান ও সমঅধিকার রক্ষায় বিশ্বাসী। তিনি বলেন, “এই ধরনের ভাষা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। এটি নারীবিদ্বেষী মনোভাবের প্রকাশ।”

তিনি আরও উল্লেখ করেন, জামায়াত আমির তার এক্স (টুইটার) হ্যান্ডেল থেকে গত ৩১ জানুয়ারি বিকেল ৪:৩৭ মিনিটে যে পোস্ট করেছেন, তার একটি অংশের অনুবাদ করলে দাঁড়ায়: ‘আমরা বিশ্বাস করি, যখন মহিলাদের আধুনিকতার নামে ঘর থেকে বের করা হয়, তখন তারা শোষণ, নৈতিক অবক্ষয় ও নিরাপত্তাহীনতার মুখোমুখি হয়; এটি অন্য কোনো রূপে পতিতাবৃত্তির মতোই।’ এর আগে আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে তিনি নারীদের ক্ষমতায়ন প্রসঙ্গে নেতিবাচক মন্তব্য করেছিলেন।

মাহদী আমিন বলেন, এটি নতুন কোনো আচরণ নয়। পূর্বেও দলের নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্য করে অশালীন ভাষা ব্যবহার করেছেন। দলের প্রধান প্রকাশ্যে নারীদের কর্মঘণ্টা কমিয়ে আনার মতো মন্তব্য করেছেন। দলের কোনো নারী সংসদ প্রার্থীও মনোনীত হয়নি। তিনি বলেন, “এই দল মুখে ইনসাফ কায়েমের কথা বললেও নারীদের প্রতি তাদের মনোভাব স্পষ্ট।”

মাহদী আমিন আরও বলেন, নির্বাচনী জোটের কারণে অনেক নারী নেত্রী পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। জোটভুক্ত দলের নারীরা নানা বাধার সম্মুখীন হচ্ছেন। নির্বাচনী প্রচারণায় নারীদের পোশাক-পরিচ্ছেদ নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। এটি চরম রুচিহীনতা ও নারীবিদ্বেষের বহিঃপ্রকাশ।

তিনি বলেন, বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নারী সদস্যরা, বিশেষ করে ছাত্রদলের বোনেরা সাইবার স্পেসে সীমাহীন, বর্বর ও মধ্যযুগীয় হেনস্তার শিকার হচ্ছেন। এ ধরনের অপপ্রচার প্রায়ই নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর পরিকল্পিত কর্মকাণ্ডের ফল।

মাহদী আমিন দেশের নারীদের অবদানের কথাও স্মরণ করান। তিনি বলেন, নারীরা ঘরে-বাইরে পরিবার, সমাজ ও রাষ্ট্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বাংলাদেশের গার্মেন্টস শিল্পের বিশ্বজয়, স্কুল, হাসপাতাল, প্রশাসন, গণমাধ্যম, খেলাধুলা-সবক্ষেত্রেই নারীদের অবদান বিশাল। তিনি প্রশ্ন তোলেন, “এ ধরনের কর্মজীবী নারীদের বিষয়ে জামায়াতের অবস্থান কি গ্রহণযোগ্য?”

তিনি স্মরণ করান, ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানে নারীরা সাহসী ভূমিকা নিয়েছেন। মহান মুক্তিযুদ্ধের সময়ও নারীরা বিপদ ও অত্যাচারের সম্মুখীন হয়ে লড়াই করেছেন। মাহদী আমিন বলেন, মা ও বোনদের এই আত্মত্যাগ কখনোই জাতি অস্বীকার করতে পারে না।

মাহদী আমিন বলেন, “মায়ের মত দেশও আমাদের মা। তাদের ওপর অন্যায় ও নির্যাতন আমরা মেনে নেব না। বিএনপি মেনে নেবে না, বাংলাদেশও মেনে নেবে না।” তিনি আরও বলেন, জামায়াত বলছে, মানুষ বিএনপিকে দেখেছে, এবার তাদের দেখার পালা। কিন্তু দেশের মানুষ ইতোমধ্যেই দেখছে, মধ্যযুগীয় বর্বরতার নামে অর্ধেক জনগোষ্ঠী—মা ও বোনরা-কিভাবে অপমানিত হচ্ছেন।

সংবাদ সম্মেলনে মাহদী আমিন স্পষ্টভাবে ঘোষণা দেন, দেশে ও অনলাইনে নারীর মর্যাদা রক্ষার ক্ষেত্রে কোনো আপস নেই, কোনো ভয় নেই, কোনো পিছু হটা নেই।
সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ইয়াসীন আলী।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারী ইস্যুতে জামায়াতের বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানো হচ্ছে
শফিকুর রহমানের: নারী ইস্যুতে জামায়াতের বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানো হচ্ছে
ঋণখেলাপিদের জন্য ‘পরবর্তী বাংলাদেশ জাহান্নাম’: হাসনাত আবদুল্লাহ
ঋণখেলাপিদের জন্য ‘পরবর্তী বাংলাদেশ জাহান্নাম’: হাসনাত আবদুল্লাহ
প্রথমবার যশোরে তারেক রহমান, জনসভাকে ঘিরে উৎসবের আমেজ
প্রথমবার যশোরে তারেক রহমান, জনসভাকে ঘিরে উৎসবের আমেজ