তামিমকে বিসিবির ধন্যবাদ বার্তা

স্পোর্টস ডেস্ক
বিদায়ের ইঙ্গিত দিয়েছিলেন আগেই। শহীদ আফ্রিদির ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে তামিম ইকবালকে স্পষ্ট বলতে শোনা যায়, ‘আন্তর্জাতিক ক্রিকেটে আর ফিরছি না।’ তবে শেষ কয়েক দিনে আবারও তার জাতীয় দলে ফেরার গুঞ্জন চাউর হয়েছিল। অধিনায়ক নাজমুল হোসেন শান্তই যে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ ওপেনারকে! তামিমকে ফেরানোর জন্য দুই দফা তার সঙ্গে বৈঠক করে বিসিবিও। তাদের কথায়ও মিলেছিল তামিমের ফেরার ইঙ্গিত। তবে সব সম্ভাবনায় জল ঢেলে গতকাল শুক্রবার রাতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দেন এই ক্রিকেটার।
তামিমের অবসর গ্রহণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শুভকামনায় সিক্ত করেছেন সতীর্থসহ ক্রিকেটাঙ্গনের তারকারা। মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও শান্তরা জানিয়েছেন শুভেচ্ছা। এবার ফেসবুক পেজে তামিমকে শুভেচ্ছাবার্তা জানাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।
শনিবার দুপুরের দিকে দেওয়া বিসিবির পোস্টে বলা হয়, ‘বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করার সাথে সাথে একটি অসাধারণ অধ্যায়ের সমাপ্তি ঘটল।'
বিসিবির পোস্টে আরও উল্লেখ করা হয়, ‘আইকনিক সেঞ্চুরি থেকে শুরু করে অবিস্মরণীয় মুহূর্ত; আপনার অবদান চিরকাল ক্রিকেট ভক্তদের হৃদয়ে জ্বলজ্বল করবে। আমাদের বিশ্বাস করতে বাধ্য করার জন্য, অসম্ভব প্রতিকূলতার বিপক্ষে কীভাবে লড়াই করতে হয় এবং কাটিয়ে উঠতে হয় তা দেখানোর জন্য, স্বপ্ন পূরণে অনুপ্রাণিত করার জন্য, আমাদের আশা দেওয়ার জন্য এবং আবার স্বপ্ন দেখার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ!’
গতকাল রাত ১০টা ৩৯ মিনিটে নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে অবসরের ঘোষণা দেন তামিম। পোস্টে তামিম লিখেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরেই। সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ।’







