• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

চট্টগ্রাম কারাগার পরিদর্শনে ধর্ম উপদেষ্টা, ছবি ছড়ানোয় ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক    ২৫ জুলাই ২০২৫, ০৯:২৬ পি.এম.
ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন : সংগৃহীত ছবি

ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন সম্প্রতি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেছেন। তবে পরিদর্শনের কিছু ছবি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাইরে ছড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

শুক্রবার (২৫ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ‘উদ্দেশ্যপ্রণোদিত তথ্য বিকৃতির বিরুদ্ধে আমার অবস্থান’ শিরোনামে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ তুলে ধরেন।

পোস্টে তিনি জানান, দেশের ৭০ হাজার বন্দিকে ধর্মীয় ও নৈতিক শিক্ষার আওতায় এনে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যেই কারাগার পরিদর্শনে যান তিনি। এটি একটি বৃহৎ মানবিক পদক্ষেপের অংশ।

ধর্ম উপদেষ্টা লেখেন, “পরিদর্শনের সময় আমার সঙ্গে ডিআইজি প্রিজন ও ডেপুটি জেলার উপস্থিত ছিলেন। সফরের মূল উদ্দেশ্য ছিল কারাগারে ধর্মীয় শিক্ষক নিয়োগ, বই বিতরণ এবং নামাজের স্থান নির্ধারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উদ্যোগ নেওয়া। ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে বন্দিদের মাঝে নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল।”

তিনি জানান, রান্নাঘর, হাসপাতাল, পুরুষ, নারী ও শিশু ওয়ার্ড, ভিআইপি ওয়ার্ড এবং ফাঁসির মঞ্চ—সব জায়গাই তিনি ঘুরে দেখেছেন। সফরে তার সঙ্গে কোনো সাংবাদিক বা ক্যামেরাম্যান ছিলেন না। তবে কারা কর্তৃপক্ষের একজন কর্মকর্তা কিছু ছবি তুলেছিলেন, যা পরবর্তীতে বাইরে ছড়িয়ে দেওয়া হয়। বিষয়টিকে তিনি ‘অবৈধ প্রচারণা’ হিসেবে উল্লেখ করেন এবং জানান, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, সফরটি ছিল সরকারি এবং স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশে আয়োজিত। এ বিষয়ে আইজি প্রিজন, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সবাইকে অফিসিয়ালি জানানো হয়েছিল। “এটি কোনো গোপন বা ব্যক্তিগত সফর ছিল না,” বলেন তিনি।

ধর্ম উপদেষ্টার ভাষ্য অনুযায়ী, এই প্রচারণা একটি ‘কায়েমি সিন্ডিকেটের ষড়যন্ত্র’, যারা রাজনৈতিকভাবে পরাজিত হয়ে সরকারের শান্তিপূর্ণ কর্মকাণ্ডে বিঘ্ন ঘটাতে চাইছে।

তিনি বলেন, “এসব অপপ্রচার দুঃখজনক ও অগ্রহণযোগ্য। আমাদের কাজ দেশের কল্যাণে এবং সত্য প্রতিষ্ঠার জন্য। কোনো বিভ্রান্তি বা ষড়যন্ত্রে আমরা পিছপা হব না।”

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা
আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল
আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল